পলিথিন ব্যবহারে জরিমানার হুশিয়ারী পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন | প্রশাসন
(নিজস্ব প্রতিবেদক, ঢাকা) :
পলিথিনের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার কৃষি মার্কেটে জনসচেতনতামূলক পরিদর্শনের সময় তিনি এ আহবান জানান। প্রতিমন্ত্রী বলেন. পলিথিনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। যেকোনো মূল্যে এর ব্যবহার বন্ধ করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। পাশাপাশি হুশিয়ার করে বলেন, পলিথিন ব্যবহার করলে ভবিষ্যতে বড় অংকের জরিমানা করা হবে৷ পরিবেশ প্রতিমন্ত্রী বিভিন্ন দোকান থেকে পলিথিন ব্যাগ উদ্ধার করেন এবং পাটের ব্যাগ প্রদান করেন৷
পলিথিনের কারণে শহরের ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নদী-নালা , খাল-বিল দুষিত হচ্ছে। জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলেও উল্লেখ করেন পরিবেশ প্রতিমন্ত্রী। তিনি জানান , ২০০১ সালে বিএনপি সরকার পলিথিন নিষিদ্ধ করে ব্যাপক সফলতা পেয়েছিল। এসময় ইটভাটায় কাঠ না পোড়ানোর আহ্বান জানান পরিবেশ প্রতিমন্ত্রী। এ বিষয়ে কঠোর আইনি বিধানের কথাও তুলে ধরেন তিনি।
পলিথিন ব্যবহার নিরুৎসাহিতকরণ ও জনসচেতনতামূলক পরিদর্শনের সময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা ও মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার কমিটির সভাপতি উপস্থিত ছিলেন।
