বশেফমুবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন | শিক্ষা
মোঃ সাদেকুল ইসলাম সাকিব (বশেফমুবিপ্রবি প্রতিনিধি) :
জামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা, কালো পতাকা ও বশেফমুবিপ্রবি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়৷ পরে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খানের নেতৃত্বে প্রভাতফেরীর আয়োজন করা হয়।
একুশের ঐতিহাসিক অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি... আমি কি ভুলিতে পারি’ গেয়ে ধীরলয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদির দিকে এগিয়ে যায় প্রভাতফেরীটি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ছয় বিভাগের চেয়ারম্যান, হলসমূহের প্রভোস্টবৃন্দ, হাউজ টিউটরবৃন্দ, সহকারী প্রক্টরসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। এরপর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সর্বপ্রথম শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।
এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের মির্জা আজম হল, নূরুন্নাহার বেগম হল, কর্মকর্তা অ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ, বশেফমুবিপ্রবি শাখা।
এদিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মাননীয় উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা।
সকাল সাড়ে ৮টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেন, ভাষা আন্দোলন এই ভূখণ্ডে বাঙালি জাতীয়তাবাদের জন্ম দেয়, যার পরিণতিতে এসেছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। আর এর প্রতিটি ধাপে নেতৃত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ভাষাভিত্তিক স্বাধীন দেশ দিয়ে গেছেন। লাল-সবুজের এই বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।
এ সময় সবাইকে নিজ ভাষার শুদ্ধচর্চার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৩ পালন কমিটির আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন।
ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সুমিত কুমার পালের সঞ্চালনায় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন বশেফমুবিপ্রবি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভা মির্জা মো. আব্দুল হালিম, বশেফমুবিপ্রবি কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান প্রমুখ।
কর্মসূচির অংশ হিসেবে দিবসটি উপলক্ষ্যে বাদ যোহর ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

