মৃত্যুর তিন দিন পর সাংবাদিক পুলকের পাওনা ১০ লাখ টাকা দিলো সমকাল
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন | মিডিয়া কর্নার
দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির পরিবারের পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করেছে সংবাদপত্রটি। তার মৃত্যুর তিন দিন পর এই টাকা তার স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।
সমকালের বর্তমান বরিশাল ব্যুরোপ্রধান সুমন চৌধুরী জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ১০ লাখ টাকা জমা দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল নগরীর পরারা রোডে অবস্থিত সমকাল কার্যালয় থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলক চ্যাটার্জি এর আগে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বরিশালের গণমাধ্যম অঙ্গনে সক্রিয় ছিলেন। ২০২৩ সালের মে মাসে তাকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন বলে জানা গেছে। স্বজনদের ভাষ্য, এ সময় তিনি গভীর মানসিক সংকটের মধ্যে ছিলেন।
মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে গিয়েছিলেন বলে জানা গেছে। এর মধ্যে দীর্ঘদিনের সহকর্মী সুমন চৌধুরীকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে সমকাল কার্যালয়ে থাকা তার পাওনা টাকা উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়।
পুলক স্ত্রী প্রিয়াঙ্কা ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন। স্ত্রী ও মেয়েকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে তিনি লিখেছেন, ‘আমাকে ক্ষমা করো। এই পৃথিবীতে কারও জন্য কিছুই থেমে থাকে না।’
পারিবারিক সূত্র জানায়, পুলক তার ছোট ভাই দীপক চ্যাটার্জিকেও স্ত্রী ও মেয়ের দেখাশোনার অনুরোধ করেছিলেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পুলক আত্মহত্যা করেছেন। তবে উদ্ধার করা চিরকুটগুলো তারই লেখা কি না, তা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
