রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন   |   জাতীয়

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন

খুলনার শিববাড়ী মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে রাতের আঁধারে আবারও কালো কালিতে লেপন করা হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর একই গ্রাফিতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে গ্রাফিতি পুনরায় আঁকা হয়। তবে ১৬ দিনের ব্যবধানে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে নগরীর শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালো কালি দেওয়া দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে ইতিহাস, ঐতিহ্য ও বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়। এরই অংশ হিসেবে রেলস্টেশনের দেয়ালে স্থান পেয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি। কিন্তু গত ৬ নভেম্বর কে বা কারা তার মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দেয়। একই দেয়ালে সাঁটানো হয় রবীন্দ্রনাথবিরোধী পোস্টারও।

এ ঘটনায় ক্ষোভের পর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর তত্ত্বাবধানে গ্রাফিতিটি আবারও আঁকা হয়। কিন্তু সেই গ্রাফিতিতেই ফের কালো কালি দিয়ে মুখমণ্ডল ঢেকে দেওয়া হয়েছে। বারবার এমন ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ কাজ করছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘আমি একটু আগে বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। তারা দেখে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।



জাতীয় এর আরও খবর: