অভিযুক্ত ইবির দুই শিক্ষার্থীকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ হাইকোর্টের

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন   |   শিক্ষা

অভিযুক্ত ইবির দুই শিক্ষার্থীকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ হাইকোর্টের


ইবি প্রতিনিধি:

র‌্যাগিংয়ের নামে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে প্রথম বর্ষের এক ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


কমিটি করে পরবর্তী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে কুষ্টিয়া জেলা প্রশাসককে এ নির্দেশ দেওয়া হয়েছে। এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


একইসঙ্গে উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের করা কমিটির প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে। আর নির্যাতনে জড়িত দুই শিক্ষার্থীকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।


ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের নজরে আনেন আইনজীবী গাজী মো. মহসীন ও আজগর হোসেন তুহিন। তখন তাদের লিখিত আবেদন দিতে বলেন আদালত। সে অনুসারে তারা রিট করেন।


এরআগে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শেখ হাসিনা হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন নির্যাতনের শিকার ছাত্রী


অভিযুক্ত ছাত্রী ও ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং পরিসংসখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার সহযোগী তাবাসসুম ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্রীও এই বিভাগের নবীন ছাত্রী।



উল্লেখ্য, গত রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের গণরুমে ডেকে নিয়ে নবীন এক ছাত্রীকে রাতভর মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠে এক ছাত্রলীগ নেত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে। তাকে চড়-থাপ্পড় মেরে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হল প্রশাসন, ছাত্রলীগ পৃথক তদন্ত কমিটি গঠন করেন।

শিক্ষা এর আরও খবর: