আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন | শিক্ষা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: আলিম পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসা। এবারের আলিম পরীক্ষায় মাদরাসা থেকে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী কৃতকার্য হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
মাদরাসার এ সাফল্যকে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের সম্মিলিত প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। শতভাগ পাসের এই অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। এ সাফল্যে মাদরাসার সকল কৃতী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অবদান রাখা শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে তারা কাজ করে যাবেন। শতভাগ পাসের এ অর্জনে আনন্দিত মাদরাসা পরিবার। সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা এলাকাবাসীর।
