খুবির আন্তঃডিসিপ্লিন কুইজে চ্যাম্পিয়ন ডিএস, রানার্সআপ বাংলা
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:১৭ অপরাহ্ন | শিক্ষা
মোঃ নাঈমুর রহমান ( খুবি প্রতিনিধি) :
রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজিত আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে ডেভেলপমেন্ট স্টাডিজ (ডিএস) ডিসিপ্লিন এবং রানার্সআপ হয়েছে বাংলা ডিসিপ্লিন। গতকাল (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে অনুষ্ঠানের ২য় রাউন্ড, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ১৫০ টি টিম প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে সেখান থেকে টপ ২০ টিম কে নিয়ে আয়োজিত হয় ২য় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে ৪ টা সেমিফাইনালিস্ট দলের (বাংলা, আইন, ডিএস ও এফএমআরটি) মধ্য থেকে ফাইনালে মুখোমুখি হয় বাংলা ডিসিপ্লিন এবং ডিএস ডিসিপ্লিন। ফাইনালে বাংলা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডিএস এবং তৃতীয় স্থান নির্ধারনী রাউন্ডে এফএমআরটিকে হারিয়ে ৩য় স্থান অর্জন করে আইন ডিসিপ্লিন।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন, মো. আবু নাঈম, শেখ সামিউল সিয়াম ও শেখ মুরসালিন রহমান এবং রানার্স-আপ দলের মো. ওবায়দুল্লাহ্, মো. মানিক হোসাইন ও নাজমুস সাদাত সৈকত। এছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দলে ছিলেন, মো. মারুফ বিল্লাহ, মাহফুজা আফরিন উপমা ও নাহিদ হাসান দীপ।
ফাইনাল রাউন্ডে বিজয়ীদের নাম ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত এবং সাবেক সহ-সভাপতি মোঃ মুহিবুল হাসান মুনসাদ।
ক্লাবটির সভাপতি মেহেরাব হোসেন বলেন, সৃজনশীলতা এবং জ্ঞানের বিস্তারের জন্য কুইজের বিকল্প নেই। প্রতিবছর নবাগত শিক্ষার্থীদের নিয়ে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি। এবছরও তার ব্যাতিক্রম ঘটেনি। নবাগতদের সতঃস্ফূর্ত অংশগ্রহণে দারুণভাবে শেষ হয়েছে ইভেন্টটি। শিক্ষার্থীদের প্রফেশনাল স্কিল ডেভলপমেন্টে এমন কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

