নামের ভুলে ১৮ বছর কারাবাস, অবশেষে মুক্ত ফরাজী

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

নামের ভুলে ১৮ বছর কারাবাস, অবশেষে মুক্ত ফরাজী

দীর্ঘ ১৮ বছর কারাবাসের পর অবশেষে মুক্তি পেয়েছেন বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশ তাকে বাগেরহাটে নিয়ে যায়। সেখানে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হওয়ার অভিযোগ নিয়ে প্রায় ১৮ বছর ধরে কারাবন্দি ছিলেন বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা বাদল ফরাজী। ২০০৮ সালে তাজমহল দেখতে পর্যটক ভিসায় ভারতে গিয়ে গ্রেফতার হন তিনি। পরে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সি নির্মলা মাদান হত্যা মামলার আসামি ‘বাদল সিং’ হিসেবে তাকে শনাক্ত করা হয়। তবে বাদল ফরাজীর দাবি ছিল, তিনি সেই ব্যক্তি নন।

২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরের মাসে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দি ছিলেন বাদল। সেখানে কারাগারে থেকেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন তিনি।


২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে। দেশে ফেরার পরও তার মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

দীর্ঘদিন ধরে বাদলের মুক্তির দাবিতে কাজ করেছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা। তাকে নিয়ে লেখক রাহিতুল ইসলাম ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাস লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশের ঘোষণা আসে। উপন্যাসটি প্রকাশের পর তার মুক্তির দাবি আরও জোরালো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির বিষয়ে আবেদন মঞ্জুর করেন। আদালত সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করে প্যারোল বা ফার্লো কার্যকরের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। সবশেষ গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে তাকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়। কারাবন্দি থাকা অবস্থায় বাদল ফরাজীর বাবা মারা যান। তার বৃদ্ধ মা এখন চলাফেরা করতে পারেন না। দীর্ঘদিন পর ছেলের মুক্তির খবরে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ তাকে বাগেরহাটে নিয়ে গেছে। সেখানে বাগেরহাট পুলিশ তাকে প্যারোলে পরিবারের কাছে হস্তান্তর করবে।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাদল ফরাজীকে ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



আন্তর্জাতিক এর আরও খবর: