রূপসায় বাসার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৯:৩২ অপরাহ্ন | সারাদেশ
মোঃ মোশারেফ হোসেন (খুলনা ) :
রূপসায় দিনের বেলায় একটি বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালের দিকে রূপসার নৈহাটি ইউনিয়নের জাবুসার নিউ ফিস গলির বটতলা এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এরপর এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন ভুক্তভোগী বাড়ির মালিক মোঃ কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, চোরের দল বিকাল ৪ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে কক্ষে প্রবেশ করে। ওই সময় তার স্ত্রী সন্তান সহ বাড়ির সদস্যরা ঘরের দরজাজানালা বন্ধ করে তালা লাগিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে ছিলেন । তখন বাসায় কেউ ছিলোনা। চোরের দল এই সুযোগে বাড়ির পিছনের কক্ষের জানালার গ্রীল ভেঙ্গে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং বাসায় থাকা তাদের জাতীয় পরিচয় পত্র, কাগজপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়।এব্যপারে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

