গৌরীপুর পৌর মডেলের প্রধান শিক্ষক ফেরদৌসকে সাময়িক বরখাস্ত
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৫:৫১ অপরাহ্ন | সারাদেশ
শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা যায়। গতকাল রবিবার স্মারক নং ৩৮.৪৫.০০০০.০০০.২৭.০৩৯.১৯.৮৩৫ অনুযায়ী এ অফিস আদেশ জারি করা হয়।
এতে উল্লেখ করা হয়- এ.কে.এম মাজহারুল আনোয়ার প্রধান শিক্ষক গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বিরুদ্ধে অভিযোগ পত্রে উল্লেখিত অভ্যাসগত অপরাধের কারণে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সাময়িক বরখাস্তের সুপারিশ করায় সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ এর ১২(১) অনুসারে ২৩/১০/২০২২ খ্রি. হতে সাময়িক বরখাস্ত করা হলো।
গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন- প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ারকে সাময়িক বরখাস্ত অফিস আদেশ পেয়েছি, আদেশের কপি তাঁকে পাঠানো হয়েছে।
গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মাজহারুল আনোয়ার ফেরদৌস এব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

