জলবায়ু সহনশীলতা অর্জনে নারীর নেতৃত্ব: একটি টেকসই ও জলবায়ু ন্যায়বিচারভিত্তিক ভবিষ্যৎ নির্মাণ
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন | ভিন্ন খবর
নারী উন্নয়ন শক্তি এবং ইয়ং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস এন্ড ক্লাইমেট সংগঠনের যৌথ উদ্যোগে ১৪ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার বনশ্রীতে নারী উন্নয়ন শক্তির প্রশিক্ষণ কেন্দ্রে “জলবায়ু সহনশীলতা অর্জনে নারীর নেতৃত্ব: একটি টেকসই ও জলবায়ু ন্যায়বিচারভিত্তিক ভবিষ্যৎ নির্মাণ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সহযোগিতা প্রদান করে গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস এবং ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট।
কর্মশালায় সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইয়ং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস এন্ড ক্লাইমেট এর নির্বাহী চেয়ারপারসন, নুসরাত সুলতানা আফরোজ।
শিলিডস এর সদস্য জারিন তাসনিম; ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর নির্বাহী সদস্য আব্দুল মোমিন এবং গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস এর ফিল্ড অফিসার সেলিনা খাতুন। ক্লাইমেট এফেক্টেড ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিজ্ঞতার কথা জানান হাসনাত জাহান হাসি এবং জোসনা খাতুন।
কর্মশালায় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব এবং নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এর বিরূপ প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, অতিরিক্ত তাপমাত্রা, লবণাক্ততা বৃদ্ধি, বাস্তুচ্যুতি, জীবিকার অনিশ্চয়তা, স্বাস্থ্যঝুঁকি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।
অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের কারণে নিম্ন আয়ের পরিবার এবং দুর্যোগপ্রবণ এলাকার নারীরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা তৈরিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বাংলাদেশ সরকারের কাছে নিম্নলিখিত সুপারিশগুলো তুলে ধরেন:
১. জাতীয় ও স্থানীয় পর্যায়ের জলবায়ু নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নারীর কার্যকর নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করা।
২. নারী নেতৃত্বাধীন সংগঠন এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা।
৩. জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারীদের বিকল্প কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা।
৪. দুর্যোগকালীন নারী ও শিশুদের জন্য নিরাপদ আশ্রয়, স্বাস্থ্যসেবা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং সুরক্ষা নিশ্চিত করা।
৫. জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্বাসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।
৬. দুর্যোগ প্রস্তুতি ও পুনর্বাসন কর্মসূচিতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা।
৭. নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু সহনশীল কৃষি এবং পরিবেশবান্ধব কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা।
৮. জলবায়ু অভিযোজন ও সহনশীলতা কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের নারী নেতৃত্বাধীন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে কার্যকর অংশীদার হিসেবে স্বীকৃতি ও সম্পৃক্ত করা।
৯. জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহি এবং নারী-সংবেদনশীল বাজেট বরাদ্দ নিশ্চিত করা।
কর্মশালার সমাপনীতে সরকারের কার্যকর উদ্যোগ, পর্যাপ্ত অর্থায়ন এবং সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজের সংগঠন ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত অংশীদারত্ব জোরদারের আহ্বান জানানো হয়। কর্মশালার মূল বার্তা ছিল:
“নারীরা শুধু জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করে বেঁচে থাকবে না; বরং একটি টেকসই ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ার পরিবর্তন প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে।”
