দুদকের ২২তম জন্মদিন আজ

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন   |   জাতীয়

দুদকের ২২তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক : 

আজ ২১ নভেম্বর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম জন্মদিন। দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে ২০০৪ সালের এই দিনে সংস্থাটির যাত্রা শুরু হয়েছিল। মাঝখানে কেটে গেছে ২১ বছর। দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার বিকাশের উদ্দেশ্য নিয়ে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের (দুদক) যাত্রা শুরু হয়েছিল। দেখতে দেখতে দুরন্ত কৈশোর পেরিয়ে ২৩তম বছরে পা রাখল রাষ্ট্রীয় দুর্নীতি দমন ও প্রতিরোধের একমাত্র প্রতিষ্ঠানটি।

বিচারপতি সুলতান হোসেন খানের নেতৃত্বে প্রথম কমিশনের যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে। এরপর যথাক্রমে সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, মো. বদিউজ্জামান, ইকবাল মাহমুদ, মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও মোহাম্মদ আবদুল মোমেনের পর দুদক চেয়ারম্যান হিসেবে অবপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়া সমন্বয়ে গঠিত কমিশন দায়িত্ব পালন করছে। নতুন ওই কমিশন দায়িত্ব নিয়েছে মাত্র ৩ মাস পেরিয়েছে।

কমিশন হিসাবে দুদকের যাত্রায় প্রথম চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান থেকে সর্বশেষ মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পর্যন্ত মোট সাতটি কমিশন দায়িত্ব পালন করে। রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা জটিলতায় মাত্র তিনটি কমিশন পুরো মেয়াদ পূর্ণ করতে পেরেছিল। বাকি চার কমিশন মেয়াদ পূর্ণ করার আগে বিদায় নিতে হয়। দুদকের জন্মদিনে আজ তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই বলেই জানা গেছে। ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আয়োজন না থাকলেও পরের দিন রোববার (২২ নভেম্বর) অভ্যন্তরীণ মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, দেশবাসীকে দুদকের জন্মদিনের শুভেচ্ছা। পাশাপাশি একটি বিষয়ে বলতে চাই, সরকারি বিভিন্ন সেবা ও পরিষেবা পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। নাগরিকের সেই অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে দুদক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিষয়ে দুদকের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান থাকবে। আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ১১ ডিসেম্বরে গঠিত মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশনের কার‌্যক্রম হঠাৎ করেই অস্বাভাবিক গতি পায়। শুধু ২০২৫ সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার, শীর্ষ স্থানীয় সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আমলা, ব্যবসায়ীদের বিরুদ্ধে ২ হাজার ৮৭২টি মামলা ও সাড়ে ১৪০০ মামলার চার্জশিট দাখিল করা হয়েছিল। কিন্তু চলতি বছরের ৩ মার্চ তৎকালীন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করার পর কার্যত নেতৃত্বশূন্য হয়ে পড়ে দুদক। এরপর দীর্ঘ ১৬৭ দিন চেয়ারম্যান ও দুই কমিশনারের পদ শূন্য ছিল। এই দীর্ঘ সময়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনগতভাবে স্বাধীন প্রতিষ্ঠানটির নিয়মিত কার্যক্রম নানা সীমাবদ্ধতার মুখে পড়েছিল। বিএনপি সরকার গঠনের পর চলতি বছরের ১৭ অক্টোবর সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান দায়িত্ব নেওয়ার পর ফের দুদকের কার্যক্রমে গতি আসে। চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যস্ত কমিশন শূন্য থাকায় পাঁচ মাসে কোনো অনুসন্ধান, মামলা কিংবা চার্জশিট অনুমোদন হয়নি। ওই পরিসংখ্যান বাদ দিলে দুদক থেকে পাওয়া পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় পাঁচ মাসে ৪৭৯টি নতুন অনুসন্ধান শুরু হয়। একই সময়ে ২৪০ জন ব্যক্তিকে সম্পদ বিবরণীর নোটিশ বা আদেশ, ২৮৭টি মামলা, ১১১টি চার্জশিট এবং ২৫টি এফআরটি বা আসামিদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া ৬৯টি অনুসন্ধান পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৯৭১ জনকে মামলা আসামি ও ৩৪৫ জনকে চার্জশিটভুক্ত আসামি করা হয়েছে।

যার মধ্যে অক্টোবর মাসে নতুন অনুসন্ধান শুরু হয় ৬৭টি এবং নিষ্পত্তি করা হয় ১০টি। এ মাসে ৫৭টি সম্পদ বিবরণীর আদেশ অনুমোদন করে কমিশন। একই সময়ে ১৬৯ জনের বিরুদ্ধে ৮৫টি এজাহার, ৮৪ জনের বিরুদ্ধে ২৫টি চার্জশিট এবং ১৩ জনকে অব্যাহতির সুপারিশ করে পাঁচটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।


জাতীয় এর আরও খবর: