সব হত্যাকাণ্ডের বিচারের আগে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন | রাজনীতি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সংলাপের মাধ্যমে সাময়িক কোনো সমাধানের পরিবর্তে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এ দেশের জনগণ প্রতিহত করবে এবং সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।মানচিত্র দেখুন
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে অস্ট্রেলিয়া সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তৎপরতা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। আমরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি। তবে এই সংলাপের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে এবং সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সাম্প্রতিক অস্থিরতা ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়ন না করায় দেশে নতুন করে অস্থিরতা শুরু হয়েছিল। আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের এখনো কোনো পরিবর্তন হয়নি। অতীতে তাদের দীর্ঘদিনের জুলুম ও নির্যাতনে অতিষ্ঠ হয়েই এ দেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।”
শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণা ও দলটির ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে জামায়াত আমির স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, “শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এ দেশের সচেতন জনগণ প্রতিহত করবে। বিগত সময়ে সংঘটিত সব হত্যাকাণ্ড ও অপরাধের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে। আর বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে আদালতের সেই রায় তাদের মেনে নিতে হবে।”রাজনৈতিক খবর পড়ুন
উল্লেখ্য, সাংগঠনিক ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সফর শেষে আজ সকালে তিনি দেশে ফেরেন। বিমানবন্দরে দলের শীর্ষস্থানীয় নেতারা তাকে স্বাগত জানান।
